জার্মানির সামরিক ব্যারাকে নাৎসি নিদর্শন

আপডেট : ০৭ মে ২০১৭, ১৮:৪৮
জার্মানিতে দুটি সামরিক ব্যারাকে হিটলারের নাৎসি আমলের নিদর্শন পাওয়া যাবার পর পুরো দেশজুড়ে প্রতিটি ব্যারাকে অনুসন্ধান চালানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। জার্মান কর্মকর্তারা বলছেন, তারা সৈনিকদের ব্যারাকে হিটলারের সময়কার জার্মান বাহিনীর হেলমেট, ব্যাজ, পিস্তল, ছবি ইত্যাদি খোলাখুলি প্রদর্শিত হতে দেখেছেন।
 
এর ছবি পত্রিকায় বেরুনোর পর হৈচৈ শুরু হয়। কারণ জার্মানিকে নাৎসি যুগের কোন প্রতীক প্রদর্শন পুরোপুরি নিষিদ্ধ। ইলকার্শ নামে একটি ব্যারাকে সৈনিকদের কমনরুমে দেখা যায় প্রকাশ্যে নাৎসি বাহিনীর স্মৃতিচিহ্ন প্রদর্শন করা হচ্ছে। আর দক্ষিণ পশ্চিম জার্মানির ফুয়েরস্টেনবার্গ-এ এক ব্যারাকে দেখা যায়, দেয়ালে হিটলারের বাহিনীর সৈন্যদের ছবি, আরো ছিল নাৎসি যুগের পিস্তল। একটি ক্যাবিনেটে রাখা ছিল হেলমেট, এবং সামরিক ব্যাজ। তবে কোন স্বস্তিকা অবশ্য ছিল না।
 
IMG0
 
এর পর জার্মান সেনাবাহিনীর ইন্সপেক্টর জেনারেল এব্যাপারে অনুসন্ধানের নির্দেশ দেন। জার্মান সেনাবাহিনীর মধ্যে উগ্র দক্ষিণপন্থার প্রসার নিয়ে এর আগে একাধিক কেলেঙ্কারি ঘটেছে। এপ্রিল মাসে সিরিয়ান শরণার্থীর পোশাক পরে বন্দুক নিয়ে আক্রমণ চালানোর চেষ্টা অভিযোগে একজন সেনা লেফটেন্যান্টকে গ্রেফতার করা হয়। ২৮ বছরের ওই সৈন্যটির উগ্র দক্ষিণপন্থী এবং জাতিবিদ্বেষী মানসিকতা ছিল বলে আদালতে বলা হয়।
 
জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এগুলোকে আর বিছিন্ন ঘটনা হিসেবে দেখা চলে না, এবং নাৎসি প্রতীক সেনা ব্যারাকে প্রদর্শনের এ ঘটনাকে বরদাস্ত করা হবে না। পরে অবশ্য এ মন্তব্য নিয়ে তার প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো বিরূপ সমালোচনা করলে মন্ত্রী দুঃখ প্রকাশ করেন। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির