উ. কোরিয়ায় আরো একজন মার্কিন অধ্যাপক আটক

আপডেট : ০৭ মে ২০১৭, ১৯:১০
উত্তর কোরিয়া কিম হাক সং নামের এক মার্কিন নাগরিককে আটক করার কথা জানিয়েছে। তার বিরুদ্ধে উ. কোরিয়া বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।
 
শনিবার গ্রেফতার হওয়া কিম হাক সং পিয়ংইয়ং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। এর আগে কিম সাং ডাক নামের আরেকজনকে আটক করা হয়েছিল যিনি পিয়ংইয়ং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এই নিয়ে উ. কোরিয়ায় আটক মার্কিন নাগরিকের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে। মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে তাদের গ্রেফতারকে রাজনৈতিক ঘুটি হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলেছে উ. কোরিয়ার বিরুদ্ধে।
 
কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক একটি সংস্থা কিম হাক সংয়ের অপরাধের তদন্ত করবে। এছাড়া আর কোনো কিছু বলা হয়নি প্রতিবেদনে।
 
গত এপ্রিলে কিম সাং ডাককে উ. কোরিয়া সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়। ২০১৬ সালে মার্কিন নাগরিক কিম ডং চুলকে গোয়েন্দাগিরির অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। একই বছরে মার্কিন ছাত্র ওটো ওয়ার্মবিয়েরকে হোটেল থেকে প্রোপাগান্ডা সাইন চুরি করার অভিযোগে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির