চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবরকপুর ইউনিয়নের শিবনগর গ্রামে অপারেশন 'ঈগল হান্ট' এ নিহত জঙ্গি আবুর মেয়ে সাজিদাকে (৫) তার দাদির কোলে ফিরে দিল আদালত।
রবিবার আবুর মা ফুলসানা বেগম, শিবগঞ্জ থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা হাবিবুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে সাজিদাকে তার দাদির জিম্মায় দেয়ার আদেশ দেন আদালতের (খ অঞ্চল) বিচারক শহীদুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন জানান, আবুর মা ও পুলিশের আবেদনের প্রেক্ষিতে রবিবার বিকেল তিনটার দিকে সাজিদাকে দাদির কাছে আদালতের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সাজিদা তার নানা বাড়ি কানসাটে অবস্থান করছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ভোর থেকে শিবনগর গ্রামের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে কাউন্টার টেরিরিজম ইউনিট ও জেলা পুলিশ।অভিযানের দ্বিতীয় দিনে সেখান থেকে আবুর স্ত্রী সুমাইয়া (২১) ও মেয়ে সাজিদাকে উদ্ধার করা হয়। পরে সাজিদাকে গত ২৮এপ্রিল রাতে আদালতের মাধ্যমে রাজশাহী ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছিল। তিনদিনের অভিযানে জঙ্গি আবুসহ চারজন নিহত হন।
ইত্তেফাক/জমান
