জঙ্গিবাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সোচ্চার হতে হবে: হেলাল মোর্শেদ

আপডেট : ০৭ মে ২০১৭, ২০:২৭
 
মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বলেছেন, 'জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের সোচ্চার থাকতে হবে। জঙ্গিবাদ বিরোধী সচেতনতা সৃষ্টি করতে হবে। এদেশের মাটিতে জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই। সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে ইতিমধ্যে সক্ষমতার পরিচয় দিয়েছে। এই ধারা অব্যাহত থাকলে জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।'
 
 
রবিবার যশোরে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিভাগীয় মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেলাল মোর্শেদ খান এসব কথা বলেন। জিলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত ওই সমাবেশে খুলনা বিভাগের ১০ জেলার ৮শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, 'মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। যেকোনো দাবি আদায়ের জন্য মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারলে দাবি আদায় হবেই।'
 
মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহামুদুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন। বক্তব্য রাখেন যশোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ, নড়াইল জেলা কমান্ডার এমএম গোলাম কবীর, কুষ্টিয়া জেলা কমান্ডার নাছিম উদ্দীন আহমেদ, মেহেরপুর জেলা কমান্ডার বশির আহমেদ, চুয়াডাঙ্গা জেলা কমান্ডার আবু হোসেন, সাতক্ষীরা জেলা কমান্ডার মোশারফ হোসেন, মাগুরা জেলা কমান্ডার মোল্লা নবুয়ত আলী, ঝিনাইদহ জেলা কমান্ডার মকবুল হোসেন, বাগেরহাট জেলা কমান্ডার শাহীনুল আলম ছানা প্রমুখ।
 
ইত্তেফাক/জামান