ত্রিশালে পরীক্ষার ফল না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আপডেট : ০৮ মে ২০১৭, ০১:৩৬

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ত্রিশালে ৮টি বিদ্যালয়ের ৪৬৫ জন পরীক্ষার্থী ফলাফল না পেয়ে রবিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের দ্রুততম সময়ে পদক্ষেপের ফলে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।

জানা যায়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৮টি বিদ্যালয়ের ৪৬৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হলেও তাদের ফলাফল প্রকাশিত হয়নি।

এ ব্যাপারে ধানীখোলা কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জানান, ‘আমি সু-নির্দিষ্ট কোনো কারণ জানি না। তবে শুনেছি কারিগরি পরীক্ষা কেন্দ্র থেকে ব্যবহারিক পরীক্ষার ফলাফল বোর্ডে প্রেরণ করা হয়নি।’

কাটাখালি ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক জানান, বিষয়টি কেন্দ্র সচিবকে অবহিত করলে তিনি জানান, আমি বোর্ডে যোগাযোগ করে আপনাদেরকে জানাব। গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম জানান, ‘আমরা বাস্তব প্রশিক্ষণ কোডে যথাসময়ে ফলাফল প্রেরণ করলেও মূল ফলাফলের সাথে সংযুক্ত হয়নি। বিষয়টি জানতে পেরে আমরা পরবর্তীতে আবারও জরিমানা দিয়ে জমা দিলেও ফলাফল আসেনি।’

ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মণ্ডল ও ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামানের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।

ইত্তেফাক/নূহু