মঠবাড়িয়ায় কলেজ ভবন নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৮ মে ২০১৭, ০১:৪১


পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা ডিগ্রি কলেজের একাডেমির সম্প্রসারিত ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রবিবার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়ে কলেজ ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এতে কলেজ শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসী অংশ নেন। পরে কলেজ একাডেমিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা পিঞ্জু শাহ, শিক্ষার্থী রেজাউল ইসলাম, মো. হাসান, মো. সানু প্রমুখ।

শিক্ষার্থীদের অভিযোগ, সাফা ডিগ্রি কলেজের একাডেমিক ভবন সম্প্রসারণের  এক কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবন নির্মাণ কাজ চলছে। তন্ময় এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণ সামগ্রী  ব্যবহার করে আসছে। ভবনের কাজে নিম্নমানের রড, ইট, বালু, খোয়া ও কক্ষের দরোজা জানালায় নিম্নমানের কাঠ ব্যবহারসহ ভবন নির্মাণে নানা অনিয়ম করছে। ফলে কলেজ ভবনটির স্থায়িত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

এ ব্যপারে কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদ জানান, সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে বারবার নিম্নমানের কাজের অভিযোগ করা হলেও ঠিকাদার কোনো গুরুত্ব দেয়নি।

ঠিকাদার মামুনুল আহসান খান সেন্টু  অভিযোগ অস্বীকার করে জানান, সিডিউল মাফিক কাজ চলছে।

এ ব্যাপারে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী হাসান সওকত  মোবাইল ফোনে জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে কাজের মান নিয়ে প্রশ্ন তুলে শিক্ষার্থীদের কাজ বন্ধ করে দেওয়া রহস্যজনক।

ইত্তেফাক/নূহু