রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে প্রতিবারই বিশেষ নাটকে অভিনয় করেন জাকিয়া বারি মম। সেই ধারাবাহিকতায় এবারো তিনি অভিনয় করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে একটি নাটকে।
তার কালজয়ী গল্প ‘তপস্বিনী’ অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘তপস্বিনী’। নাটকটি নাট্যরূপ ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এতে বরদানন্দ চরিত্রে আফরান নিশো, ষোড়শী চরিত্রে জাকিয়া বারী মম অভিনয় করেছেন।
এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন দিলার জামান, জিয়াউল হাসান কিসলু, হেলাল, হান্নান শেলী প্রমুখ। নাটকটি রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আরটিভিতে প্রচার হবে আজ রাত ৮টা ১০ মিনিটে।
নাটকটি প্রসঙ্গে মম বলেন, ‘রবীন্দ্রনাথের নাটক বরাবরই আমি নিজের ইচ্ছে থেকেই করি। কারণ রবীন্দ্রনাথের গল্পের চরিত্রগুলোতে অভিনয় করতে গেলে অভিনয়টা আরো পরিণত হয়। এ নাটকের ষোড়শী চরিত্রটিও বেশ চ্যালেঞ্জের ছিল।’
ইত্তেফাক/আনিসুর
