দূরবীন ব্যান্ডের কর্ণধার ও ভোকালিস্ট শহীদ, পাশাপাশি একক গান দিয়েও শ্রোতাদের কাছে জনপ্রিয় ‘এক জীবন’ খ্যাত এই সঙ্গীতশিল্পী। গানচিল মিউজিকের ব্যানারে শহীদ ও স্বরলিপির ‘এতদিন কোথায় ছিলে’ মিউজিক ভিডিওটি গত ২৭ এপ্রিল ইউটিউবে প্রকাশিত হয়েছে।
মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন অন্তু করিম ও দোয়েল। এর আগেও শহীদের ‘এক জীবন’র সিক্যুয়াল মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন অন্তু।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে চিত্রায়িত হয়েছে ‘এতদিন কোথায় ছিলে’। হুমায়ুন বয়াতীর কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন নাসিফ অনি এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানজিম মিশু।
নতুন এই মিউজিক ভিডিওর সাড়া নিয়ে ইত্তেফাক অনলাইনের সঙ্গে কথা হলো অভিনেতা অন্তু করিমের। অন্তু বলেন, ৭ দিনের মধ্যে ‘এতদিন কোথায় ছিলে’র দর্শক ১০ লাখ, ভক্তদের সাড়ায় অন্যরকম ভালো লেগেছে। এই মিউজিক ভিডিওতে গতানুগতিক ভিডিওর বাইরে দৃশ্যায়নে বিচিত্রতা আনার চেষ্টা করা হয়েছে।’
কেমন সে বিচিত্রতা, জানতে চাইলে অন্তু বলেন, আমরা এই গানের মাধ্যমে একেবারে নতুন একটি জায়গাকে পরিচয় করিয়ে দিতে চেয়েছি। যাতে করে পর্যটন শিল্প হিসেবে সুনামগঞ্জের এই এলাকাটি মানুষ চিনতে পারে।’
সম্প্রতি অন্তু অভিনীত দুটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে, দুটি গানই দর্শক সাড়া পেয়েছে উল্লেখ করে বর্তমান কাজ নিয়েও ইত্তেফাক অনলাইনকে অন্তু বলেন, আপাতত নতুন কোন মিউজিক ভিডিওতে কাজ করছি না। ঈদের সিঙ্গেল নাটক নিয়েই ব্যস্ত রয়েছি। আশা করি সেগুলো ভক্তরা পছন্দ করবেন।’
ইত্তেফাক/আনিসুর
