জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আনোয়ারা বেগম (৪৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। তিনি খুন হওয়ার তিন দিন পর পুলিশ একটি গর্তের ভিতর থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে। আজ সোমবার ঘটনার সঙ্গে জড়িত এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৬ নম্বর আনাইতারা ইউনিয়নের পাঁচদানা গ্রামে এ খুনের ঘটনা ঘটে।
মির্জাপুর থানা পুলিশ সুত্র ও এলাকাবাসি জানায়, পাঁচদানা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী আনোয়ারা বেগম। স্বামী আব্দুল মান্নান ও তার স্ত্রীর আনোয়ারা বেগমের জমি নিয়ে একই গ্রামের কবির হোসেন, লাবু, বাবু ও বাবুল গংদের সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।আনোয়ারা বেগমের স্বামী আব্দুল মান্নান সিলেটে এবং একমাত্র ছেলে জাহাঙ্গীর আলম রাজধানী ঢাকায় থাকেন।বাড়িতে অন্য কোনো লোকজন না থাকায় এই সুযোগে প্রতিপক্ষ কবির, লাবু, বাবু ও বাবুল গংরা গত শনিবার আনোয়ারা বেগমকে ধরে নিয়ে পরিকল্পিতভাবে খুন করে লাশ পাশের বাড়ির মোসলেম মিয়ার একটি ঘরের মধ্যে গর্তে লুকিয়ে রাখেন। গত দুই দিনেও আনোয়ারা বেগমের কোনো খোঁজ না পাওয়ায় তার ছেলে জাহাঙ্গীর আলম মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর মির্জাপুর থানা পুলিশ পাঁচদানা গ্রামে হানা দিয়ে অভিযুক্ত লাবু, বাবু, বাবুল, মমতাজ বেগম এবং ফরিদাকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক মমতাজ বেগমের বাড়ির ঘরের একটি গর্ত থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় আনোয়ারা বেগমের লাশ আজ সোমবার উদ্ধার করেছে পুলিশ।
মির্জাপুর থানার পুলিশ অফিসার মনিরুজ্জামান মুন্সি বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আনোয়ারা বেগম খুন হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আনোয়ারা বেগমের ছেলে জাহাঙ্গীর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/কেকে
