সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ-মানববন্ধন

আপডেট : ০৮ মে ২০১৭, ১৫:০১
চ্যানেল২৪-এর গোপালগঞ্জ প্রতিনিধি রাজীব আহম্মেদ রাজুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার একযোগে গোপালগঞ্জ ও কোটালীপাড়ায় এ কর্মসূচি পালিত হয়। বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
 
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গোপালগঞ্জ রিপোর্টাস ফোরামের সভাপতি এহিয়া খালেদ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সিনিয়র সাংবাদিক সংবাদের গোপালগঞ্জ প্রতিনিধি রবীন্দ্রনাথ অধিকারী, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট মোজাম্মেল হোসেন মুন্না, যুগান্তরের এস এম হুমায়ুন কবীর, জেলা যুব লীগের সভাপতি জিএম সাহাবুদ্দিন আজম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ শাহাবুদ্দিন হিটু, উদিচির সভাপতি মোঃ নাজমুল ইসরাম, সেচ্ছাসেবক লীগের আহবায়ক মহসিন উদ্দিন সিকদার, ছাত্রলীগ নেতা রনি হোসেন কালু, ও নিউটন মোল্লাসহ আরো অনেকে বক্তব্য রাখেন। অপরদিকে, একই দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে মানব-বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তরা অনতি বিলম্বে সাংবাদিক রাজুর ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তা না হলে আগামীতে তারা আরো নানা কর্মসূচি পালনের ঘোষণা দেন।
 
প্রসংগত, গত ৪ মে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে একদল সন্ত্রাসী চ্যানেল২৪-এর গোপালগঞ্জ প্রতিনিধি রাজীব আহম্মেদ রাজুর ওপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। 
 
ইত্তেফাক/এমআই