ফরিদপুরে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ তিন জন গ্রেপ্তার

আপডেট : ০৮ মে ২০১৭, ১৫:৩৮
ফরিদপুর শহরের গোয়ালচামট ২নং সড়ক এলাকার থেকে বিপুল পরিমান ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দিকে পুলিশের পৃথক এক অভিযানে শহরের হাবেলি গোপালপুর এলাকা থেকে একটি বিদেশী পিস্তলসহ এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে অভিযান দুইটি পরিচালনা করে পুলিশ।
 
সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এসকল তথ্য প্রদান করেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা। 
 
সুভাষ চন্দ্র সাহা জানান, রবিবার দিবাগত রাত একটার দিকে শহরের গোয়ালচামট ২নং সড়কে অভিযান চালিয়ে তিন’শ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো. ঝন্টু মোল্লা (৩০) এবং মোস্তাফিজুর রহমানকে (২৬) গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, এই ঘটনায় কোতোয়ালী থানার ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/০৪) এ ১৯ (১) ৩ (খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
 
IMG0
 
অপর অভিযানে শহরের ০২ নং হাবেলি গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মো. শাহিন মোল্লা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তার পরিহিত জিন্সের প্যান্টের ডান কোমরে ১ টি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড গুলি  এবং প্যান্টের দু’পাশের পকেটে ৩ প্যাকেটে ৫৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি বলেন, এ ঘটনায় ১৮৭৮ সনের আর্মস এ্যাক্ট এর ১৯-এ তৎসহ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/০৪) এ ১৯ (১) এর ৯ (খ) আরেকটি মামলা রুজু করা হয়েছে। 
 
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দুইটি পরিচালনা করা হয় বলে জানান তিনি।
 
ইত্তেফাক/সাব্বির