এমপি লিটন হত্যা মামলা: ওসি ও তদন্ত কর্মকর্তাকে সংবর্ধনা

আপডেট : ০৮ মে ২০১৭, ১৫:৫২
গাইবান্ধার-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় অল্প সময়ে আসামী শনাক্ত ও গ্রেফতারসহ চার্জশিট প্রদান করায় থানা অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে সংবর্ধনা দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ।  সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 
এতে বক্তব্য রাখেন  ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু, বদিরুল আহসান সেলিম, মনোয়ার আলম সরকার, এ্যাডভোকেট মোখলেছুর রহমান রাজু, মাওঃ ছামিউল ইসলাম, ইব্রাহিম খলিলুল্লাহ, নজমুল হুদা প্রমুখ। পরে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হায়দার মোঃ আশরাফুজ্জামানের হাতে ভালো কাজের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
 
গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নে শাহবাজ (মাস্টাপাড়া) গ্রামে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন গাইবান্ধা ১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরদিন লিটনের বড়বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
 
IMG0
 
গত ২১ ফেব্রুয়ারি আবদুল কাদের খানকে বগুড়া শহরের গরীব শাহ ক্লিনিকের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে ১০দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে থাকা অবস্থায় ২৫ ফেব্রুয়ারি সাংসদ লিটনকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন কাদের খান। হত্যাকান্ডের চারমাস পর গত ৩০ এপ্রিল গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুন্দরগঞ্জ) আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু হায়দার মো. আশরাফুজ্জামান।
 
IMG1
 
চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন, লিটন হত্যায় অংশ নেওয়া চার কিলার আবদুল হান্নান, মেহেদী হাসান, শাহীন মিয়া, আনারুল ইসলাম রানা, কাদের খানের ব্যক্তিগত সহকারী (পিএস) শামছুজ্জোহা সরকার, তথ্যদাতা সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক চন্দন কুমার সরকার এবং তার দুলাভাই সুবল চন্দ্র। এদের মধ্যে চন্দন কুমার সরকার পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অন্য আসামিরা বর্তমানে গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন।
 
ইত্তেফাক/সাব্বির