জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দুটি ছাত্রলীগের পথচলায় পাথেয় বলে মন্তব্য করেছেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ। ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে বই দুটি সংগ্রহ করা এবং পড়ার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে জেলা ছাত্রলীগের সম্মেলন উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন।
ছাত্রলীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধুর হাতেগড়া এ সংগঠনের নেতা-কর্মীদের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসময় নিরক্ষরতা দূরীকরণে প্রতিটি পাড়া-মহল্লায় ছাত্রলীগের নেতৃত্বে সাক্ষরতা অভিযান কর্মসূচি পালনেরও আহ্বান জানান তিনি।
মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিখর, বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, স্কুলছাত্র বিষয়ক উপ-সম্পাদক সৈয়দ মুহাম্মদ আরাফাত প্রমুখ।
ইত্তেফাক/সাব্বির
