মার্কিন-ফিলিপাইন যৌথ সামরিক মহড়া শুরু

আপডেট : ০৮ মে ২০১৭, ১৬:৩০
উপকূলীয় প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সোমবার থেকে আগামী ১২ দিনের জন্য এক যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন। তবে ‘বালিকাতান’ নামের ওই মহড়ায় দেশ দুটির ২০১৫ সালের যৌথ মহড়ার তুলনায় কম সংখ্যক সেনা অংশ নিয়েছে বলে জানানো হয়েছে।
 
যদিও ফিলিপাইনের প্রেসিডেন্ট দুদের্তের মার্কিনপন্থী পূর্বসূরি বেনিগনো অ্যাকুইনোর সময়ে এ ধরণের মহড়াকে বড় ধরণের শক্তি প্রদর্শন হিসেবে দেখা হতো। তবে সাম্প্রতিক সময়ে দুদের্তের ১০ মাসের শাসনকালে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। বিশ্বের সুপারপাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র ক্ষমতা হ্রাস পেয়েছে বলে কথায় কথায় বলে আসছেন তিনি।
 
বিগত বছরগুলোতে এই মহড়াকে বেইজিংয়ের বিরুদ্ধে একটি বড় ধরনের শক্তি প্রদর্শন হিসেবে দেখা হয়েছে। দক্ষিণ চীন সাগরকে নিয়ে ফিলিপাইন ও চীনের মধ্যে বিরোধ চলছে। উভয় দেশই সমুদ্রের এই এলাকাটির মালিকানা দাবি করে আসছে।
 
ক্ষমতা গ্রহণের পর দুদের্তে আঞ্চলিক বিরোধকে কেন্দ্র করে অ্যাকুইনোর শক্তি প্রদর্শনের মাধ্যমে চীনকে চ্যালেঞ্জ করার নীতির সম্পূর্ণ উল্টো পথে চলতে শুরু করেন। এছাড়া তিনি বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত নেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু