ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি বলেছেন, ভারত-বাংলাদেশ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে। সোমবার নয়াদিল্লি ভিত্তিক সিভিল সার্ভিস অফিসার্স ইন্সটিটিউট আয়োজিত ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক’ বিষয়ক সেমিনারে এ কথা বলেন।
অনুষ্ঠানে ভারতের বর্ষীয়ান কূটনীতিবিদ ও সাবেক রাষ্ট্রদূত অশোক সজ্জনহোর সেমিনারে কথা বলেন। সেমিনারে বক্তব্য শেষে এই দুইজন দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সৈয়দ মোয়াজ্জেম আলি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে দুই দেশের মধ্যে সবক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে কাজ করে যাচ্ছেন। তিনি যোগ করেন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ধারণায় পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী প্রণব মুখার্জিকে উদ্ধৃত করে বলেন, ১৯৭৪ সালের পরে দুই দেশের মধ্যে সম্পর্ক এখন সবচেয়ে ভালো।
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উদাহরণ হিসেবে গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক সফরে নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ ও সামরিকখাত সহ সব মিলিয়ে ১১টি চুক্তি ও ২৪টি সমঝোতা স্মারকের কথা উল্লেখ করেন। গঙ্গা নদীর পানি ভাগাভাগির চুক্তির পরে প্রধানমন্ত্রী এবার তিস্তা চুক্তির অচলাবস্থা ভাঙার উদ্যোগ নিয়েছেন।
হাইকমিশনার বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি ১৯৭১ এবং আমাদের এর অনুগামী থাকা উচিত।-প্রেস রিলিজ।
ইত্তেফাক/সাব্বির
