নির্বাচনে হেরেও নেচে গেয়ে রাত পার ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থীর

আপডেট : ০৮ মে ২০১৭, ১৮:০০
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রনের কাছে হেরে গিয়েছেন কট্টর জাতীয়তাবাদী নেতা মেরিনা লি পেন। তারপরও প্যারিসে নিজের দলীয় কার্যালয়ে সমর্থকদের সঙ্গে নেচে গেয়ে রাত পার করেছেন তিনি।
 
নির্বাচনের রাতে লি পেনের কার্যালয়ে ছিলেন ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির প্রতিবেদক জেমস রেনল্ডস। তিনি জানিয়েছেন, ওই রাতে সমর্থকরা লির পছন্দের প্রতীক নীল রঙের গোলাপ নিয়ে হাজির হয়েছিলেন। এসময় লি পেনকে সমর্থকদের সঙ্গে গানের তালে তালে নাচ করতে দেখা গেছে। এছাড়া ডিসকো লাইটের বর্ণচ্ছটায় লিকে বেশ হাসিখুশিও দেখাচ্ছিল।
ওই প্রতিবেদক আরো জানিয়েছেন, নির্বাচনে হেরে গিয়েও সমর্থকদের সঙ্গে লি পেনের এমন অদ্ভুত উপায়ে রাত যাপন করা নতুন পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। অনেকেই মনে করছেন, ২০২২ সালের পরবর্তী নির্বাচনের জন্য আবার তারা তাদের প্রিয় নীল গোলাপকে নিয়ে মাঠে নামবেন। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু