‘কফি উইথ করণ’ এ আসছেন জাস্টিন বিবার!

আপডেট : ০৮ মে ২০১৭, ১৮:৫৫
আগামী ১০ মে জাস্টিন বিবার কনসার্ট করবেন মুম্বাই শহরে। প্রস্তুতি সম্পন্ন। আর দুইদিন পর বুধবার ভারতের মাটিতে পা রাখবেন কানাডিয়ান এই পপ তারকা সেনসেশন। শোনা যাচ্ছে, কনসার্টের পাশাপাশি করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোতে নাকি দেখা দেবেন গ্র্যামি বিজয়ী বিবার!
 
‘পারপাস’ ট্যুরের অংশ হিসেবে ভারতের মুম্বাইয়ে শো করতে আসছেন বিবার। ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে তার এই শো অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু তিনি ভারতে আসছেন, আর তাই বলিউডের বিখ্যাত ব্যক্তিত্বের শো-তে হাজির হবেন বিবার- এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সকল সংবাদ মাধ্যমে।
 
করণের এই শো-তে বলিউডের সকল নামকরা বড় তারকারা পা রেখেছেন। করণ তার এই শোয়ের ১০৫ তম পর্ব সম্পন্ন করেছেন। প্রায় ১২ বছর ধরে চলছে তার এই শো। তাদের পরিকল্পনা, এই জনপ্রিয় শোতে বিবারকে আনা। তবে সত্যিই বিবার এই শোতে আসছেন কিনা, তা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। 
 
তবে চ্যাট শোতে বিবারের অংশগ্রহণ নতুন কিছু নয়। এলেন ডি জেনারেসের উপস্থাপনায় ‘দ্যা এলেন শো’তে বিবারকে অনেকবারই দেখা গেছে। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/রেজা