বাড্ডায় চার খুনের মামলার পুন:তদন্ত সিআইডিতে

আপডেট : ০৮ মে ২০১৭, ১৯:২২
রাজধানীর বাড্ডায় চাঞ্চল্যকর চার খুন মামলা পুন:তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম-৯ নম্বর আদালতে মামলার বাদীর নারাজি শুনানি শেষে আদালত এই নির্দেশনা দেন। 
 
২০১৫ সালের ১৩ আগস্ট রাতে বাড্ডার আদর্শনগর পানিরপাম্প এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বাড্ডার ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন মোল্লা ও ব্যবসায়ী ফিরোজ আহমেদ মানিক। একই ঘটনায় গুলিবিদ্ধ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান গামা চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে মারা যান। ওই বছরের ২৩ আগস্ট রাতে মৃত্যু হয় গ্যারেজ মালিক ও স্থানীয় যুবলীগ নেতা আবদুস সালামের। এ ঘটনায় নিহত মাহবুবুর রহমান গামার বাবা মতিউর রহমান বাদী হয়ে অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুল হক তদন্ত করে গত বছরের ১৫ ডিসেম্বর আদালকে চার্জশিট দাখিল করে।
 
মামলার বাদী অভিযোগ করেন, আফতাবনগর গরুর হাটের ইজারাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ভাগ্নে ফারুখ ও মেহেদীর নির্দেশে তার ছেলেকে ভাড়াটিয়া কিলার দিয়ে খুন করা হয়। খুনের মিশনে অংশ নিয়েছিল আরিফ, পবন, পুলক, রমজান, মানিক, মান্নানসহ ১০/১২ জন সন্ত্রাসী। ডিবি যে চার্জশিট দিয়েছে, তাতে গরুর হাটের ইজারার বিষয়টি উল্লেখ করেনি। অথচ এই গরুর হাটের ইজারাকে কেন্দ্র করে ভাগ্নে ফারুক ৬০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। এ নিয়ে বেশ কয়েকবার তারা তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়েছিল। বাদী নারাজির শুনানি শেষে বিচারক আবু হায়দার চৌধুরী মামলাটি পুন:তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। 
 
ইত্তেফাক/এমআই