দুদকের অকৃত্রিম বন্ধু গণমাধ্যম: দুদক চেয়ারম্যান

আপডেট : ০৮ মে ২০১৭, ২০:০৩
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি দমন কমিশনের অকৃত্রিম বন্ধু হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমের অকুন্ঠ সমর্থন আমরা পাচ্ছি। সোমবার বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট মিলনায়তনে ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
দুর্নীতি দমন কমিশন, পিআইবি ও জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড এর যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভার আযোজন করা হয়। তিনি বলেন, গণমাধ্যমের বদৌলতে কমিশন ২০১৬ সালের হাওরের দুর্নীতি সম্পর্কে জানতে পেরেছে। কমিশনের প্রতিবেদন অনুযায়ী যথাসময়ে পদক্ষেপ নেয়া হলে হাওরের এ বছরের বিপর্যয় ঠেকানোর চেষ্টা আরও দৃঢ় হতো। 
 
দুদক চেয়াম্যান বলেন, কমিশনের অভিযানের কারণে ব্যাংক থেকে অসৎ ভাবে ঋণ গ্রহণের প্রবণতা কমছে। ফলে ব্যাংকের ঋণ প্রবাহ গতিশীল হয়েছে। বেসিক ব্যাংকের অর্থ আত্মসাৎ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, এ বিষয়ে ৫৬টি মামলা করা হয়েছে। অনেকে ব্যাংকে টাকা জমা দিয়েছেন। কোনো কোনো ঋণ নিয়মিতকরণ করা হয়েছে। 
 
পিআইবি‘র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মফিজুর রহমান।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, দুদক মহাপরিচালক ড. মোঃ শামসুল আরেফিন, পিআইবি‘র মহাপরিচালক শাহ আলমগীর, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, যুগান্তর এর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, এটিএন বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা জ.ই মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/সাব্বির