লৌহজংয়ের পদ্মায় ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৮ মে ২০১৭, ২০:৩০
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মায় গোসল করতে গিয়ে রাবিয়া বেগম (৯) ও নুসরাত জাহান লামিয়া (৭) নামে দুই শিশু মারা গেছে। সোমবার বিকালে তাদের লাশ উদ্ধার করা হয়। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর পাংশা উপজেলার শেখ পাড়া গ্রামের শহিদুল ইসলামের কন্যা রাবিয়া বেগম (৯) ও ঢাকার বড়বাজার মুগদা এলাকার বিল্লাল হোসেনর কন্যা নুসরাত জাহান লামিয়া (৭) বাবা-মার সঙ্গে লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়নের ওয়ারী গ্রামের কাদের শেখের বাড়িতে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। সোমবার দুপুর আড়াইটার দিকে তারা আত্মীয় স্বজনের সঙ্গে শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মায় গোসল করতে যান। সাঁতার না জানা রাবিয়া ও লামিয়া পানিতে তলিয়ে যায়। তাদেরকে না দেখে পদ্মার ওই এলাকায় অনেক খোঁজাখুঁজির পর বিকেলে তাদের লাশ উদ্ধার করা হয়।
 
লৌহজং থানার ওসি মো. আনিচুর রহমান জানান, পরিবারের কাছ থেকে লিখিত নিয়ে তাদের লাশ হস্তানান্তর করা হয়।
 
ইত্তেফাক/ইউবি