কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ইকবাল হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার জেলার দাউদকান্দি থানা পুলিশ এ অভিযান চালায়। এ ঘটনায় বিকালে থানায় মামলা দায়েরসহ গ্রেফতারকৃত ইকবালকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত ইকবাল হোসেন চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম রাউজানের ইউসুফ হোসেনের ছেলে।
জানা যায়, সোমবার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে দাউদকান্দি থানা পুলিশ। এ সময় পুলিশ ঢাকাগামী দেশ ট্রাভেলস নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণের ১০টি বারসহ ইকবাল হোসেন (৩০) নামে এক বাসযাত্রীকে গ্রেফতার করে।
দাউদকান্দি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
ইত্তেফাক/ইউবি
