নাইজেরিয়ায় প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ মুক্তিপ্রাপ্ত স্কুলছাত্রীদের

আপডেট : ০৮ মে ২০১৭, ২১:২১
নাইজেরিয়ায় জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হাত থেকে দীর্ঘ তিন বছর পর মুক্তি পাওয়া ৮২ জন স্কুলছাত্রী দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সঙ্গে দেখা করেছেন। রাজধানী আবুজায় সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে তারা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। 
 
মুক্তিপ্রাপ্ত স্কুলছাত্রীদের উদ্দেশে প্রেসিডেন্ট বুহারি বলেন, ‘তোমাদের স্বাগত জানাতে পারায় আমি আমার খুশি ভাষায় প্রকাশ করতে পারব না। আজ পুরো জাতি খুশিতে ভাসছে। সকল নাইজেরীয়র পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি।’ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, ‘অপহৃত ছাত্রীদের মধ্যে ৮২ জনের মুক্তিতে প্রেসিডেন্ট বুহারি বেশ খুশি। তিনি এখন নিশ্চিতে লন্ডন যাত্রা করতে পারবেন। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করার কথা রয়েছে।’
 
প্রসঙ্গত, ২০১৪ সালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় চিবোক শহর থেকে ২৭৬ স্কুলছাত্রীকে অপহরণ করে বোকো হারাম। সেই সময় এ ঘটনা বিশ্বব্যাপী তুমুল  ক্ষোভের জন্ম দেয়। প্রাথমিক পর্যায়ে বেশকিছু ছাত্রী পালাতে সক্ষম হলেও প্রায় দুই বছর ধরে দুইশরও বেশি ছাত্রী নিখোঁজ ছিল। বিশ্ব মিডিয়ায় এসব স্কুলছাত্রী ‘চিবোক গার্ল’ নামে পরিচিতি পায়।
 
বেশকিছু দিন ধরেই অপহৃতদের মুক্তির বিষয়ে বোকো হারামের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল দেশটির সরকার। সফল আলোচনার পর বন্দি জঙ্গিদের বিনিময়ে ৮২ জন স্কুলছাত্রীকে মুক্তি দেয় গোষ্ঠীটি। তবে তাদের মুক্তির বিনিময়ে ঠিক কতজন জঙ্গিকে ছেড়ে দেয়া হয়েছে, তা জানানো হয়নি। বিবিসি।
 

ইত্তেফাক/সাব্বির