আজীবন সম্মাননায় ভূষিত মিতা হক

আপডেট : ০৯ মে ২০১৭, ০৯:৪৩
 
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তীতে চ্যানেল আই প্রাঙ্গণে ৮ মে ২৫ বৈশাখ অনুষ্ঠিত হবে ‘রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা ’১৭। মেলায় প্রতিবছর একজন রবীন্দ্র সঙ্গীতশিল্পী ও রবীন্দ্র গবেষণায় বিশেষ অবদানের জন্য একজন ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা প্রদান করে আসছে চ্যানেল আই।
 
এবার এ সম্মাননা পেয়েছেন রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক এবং রবীন্দ্র গবেষণায় পেয়েছেন অধ্যাপক সনদ কুমার সাহা। মিতা হকের হাতে সম্মাননা ক্রেস্ট ও ৫০ হাজার টাকার অর্থমূল্য তুলে দেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রবীণ সাংবাদিক কামাল লোহানী, নাট্য-ব্যক্তিত্ব আতাউর রহমান ও মামুনুর রশিদ, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, রবি’র সিইও, ব্যবস্থাপনা পরিচালক মাহাতাব উদ্দিন আহমেদ ও প্রজেক্ট ডিরেক্টর শিহাব আহমেদ এবং এনআরবি’র সিইও, ব্যবস্থাপনা পরিচালক এম. ই. চৌধুরী।
 
সম্মাননা গ্রহণ করে মিতা হক বলেন- এ মুহূর্তে আনুষ্ঠানিকভাবে আনন্দ প্রকাশ করতে না পারলেও তরুণ প্রজন্মের কাছে অনুরোধ রবীন্দ্র চর্চা যেন কমে না যায়। অধ্যাপক সনদ কুমার সাহা বিশেষ কারণে উপস্থিত ছিলেন না। তাহার সম্মাননা ক্রেস্ট ও অর্থমূল্য পৌঁছে দেয়া হবে।
 
মেলায় বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেওজয়ানা চৌধুরী বন্যার রবীন্দ্রনাথের নির্বাচিত গানের সিডি ‘বর্ষার গান’ প্রকাশ পেয়েছে। এ সময় আরো দুটি সিডি প্রকাশ পেয়েছে। একটি লন্ডন প্রবাসী ইমতিয়াজ আহমেদের ‘নিভৃত প্রাণের গান’ এবং অন্যটি ইউএসএ প্রবাসী বিদিশা দেওয়ানজীর ‘এসো হে আনন্দময়’। সিডি প্রকাশের পর রেজওয়ান চৌধুরী বন্যা অনুভূতি ব্যক্ত করে বলেন, আমার কাছে আজ বেশি ভালোলাগছে রবীন্দ্রনাথের প্রতি প্রবাসীদের ভালোবাসার প্রকাশ দেখে। আমার সিডি প্রকাশ পেয়েছে যত না খুশি হয়েছি তার চেয়ে বেশি খুশি হয়েছি এ মেলাতে দু’জন প্রবাসী ভাই-বোনের সিডি প্রকাশ দেখে। ‘এনআরবি বাজার’ নিবেদিত সিডি তিনটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।
 
মেলার উন্মুক্ত মঞ্চে সংগীত পরিবেশন করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ, লিলি ইসলাম, অনিমা রায়, শিমুল আহমেদ, তানিয়া মান্নান, বিকাশ রায়হান, সাদিয়া মরিয়ম, কমলিকা চক্রবর্তী, ফাহিম হোসেন চৌধুরী, বিদিশা দেওয়ানজী ও সুরের ধারার শিল্পীবৃন্দ। আবৃত্তি করেছেন ইকবাল বাহার চৌধুরী ও শামী আশরাফ চৌধুরী। মেলায় আরো পরিবেশন করা হয়েছে রবীন্দ্র গানের সাথে দলীয় নৃত্য এবং আবদুল মান্নানের নেতৃত্বে শিশুশিল্পীদের রবীন্দ্র বিষয়ক চিত্রাঙ্কন।
 
ইত্তেফাক/আনিসুর