রবীন্দ্রনাথের প্রথম জীবনের প্রেম নিয়ে ছবি নির্মাণে প্রিয়াঙ্কা

আপডেট : ০৯ মে ২০১৭, ১১:২০
 
দেশিয় সিনেমার প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার টান ছোটবেলা থেকে। এবার তাই অভিনয় না, নির্মাণে হাত দিচ্ছছেন তিনি। ভোজপুরি, মারাঠি, পাঞ্জাবি, সিকিমিজ, কোঙ্কনি ছবিতে তার প্রযোজনা সংস্থা ‘পার্পেল পেবল পিকচার্স’ ইতিমধ্যেই হাত দিয়েছে। নতুন খবর হলো প্রিয়াঙ্কা এবার সিদ্ধান্ত নিয়েছেন রবীন্দ্রনাথের জীবনী নিয়ে ছবি নির্মাণে।
 
মা মধু চোপড়া এই রবিজীবনের ওপর ছবি তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন। যার নাম ঠিক আছে ‘নলিনী’। মধু চোপড়া জানান, ‘প্রিয়াঙ্কা এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে অন্য একটি সংস্থার সঙ্গে। ও রাজি হওয়াতে আমি উত্তেজিত তো বটেই, তার সঙ্গে কোথায় যেন একটা তৃপ্তিবোধও হচ্ছে ভেতরে ভেতরে।’
 
‘নলিনী’র পরিচালনায় ‘এস্কেপ ফ্রম তালিবান’ ছবির জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্দেশক উজ্জ্বল চট্টোপাধ্যায়। কাহিনী সাজিয়েছেন সাগরিকা চট্টোপাধ্যায়। স্ক্রিপ্ট লেখার কাজে ভাল মাত্রায় নজরদারিতে থাকছেন প্রিয়াঙ্কা নিজে।
 
কাহিনির গবেষণামূলক দিকটির সঙ্গে জড়িয়ে একাধিক রবীন্দ্র-বিশেষজ্ঞ ও সাংবাদিকের একটি দল। শোনা গেল, কাহিনি তৈরিতে ব্যবহৃত হয়েছে প্রভাত মুখোপাধ্যায়, কৃষ্ণা কৃপালিনী, উইলিয়ম রাদিচে ও মিরিয়াড মাইন্ডেডের লেখা বই।
 
পরিচালক জানান, ‘ছবির বিষয় রবীন্দ্রনাথের জীবনে প্রথম প্রেম। সে সময় কবির বয়স আঠেরো। দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে তিনি তখন সত্যেন্দ্রনাথের সঙ্গে আমদাবাদে। সত্যেন্দ্রনাথ তাঁকে ইংরেজি শেখাতে নিয়ে যান শোলাপুরে, পান্ডুরাম থাড়কড়ের কাছে। পান্ডুরাম, কিশোর রবিকে পাঠ দেওয়ার জন্য মেয়ে অন্নপূর্ণাকে ভার দেন। মেয়ে তখন মাত্র বিশ। নীলনয়না। অক্সফোর্ড-উত্তীর্ণা। পোশাকে-স্বভাবে-কেতায় পুরো সাহেবি। মার্ক স্টিফেন নামের এক ইংরেজের সঙ্গে তার প্রেম। কিন্তু দিন গ়ড়ালে রবীন্দ্রনাথ-অন্নপূর্ণা কী করে যেন পরস্পরের সঙ্গে জড়িয়ে পড়েন! পরে বাবা এখবর জানতে পেরে রবিকে বিলেতে পাঠিয়ে দেন।’
 
ইত্তেফাক/আনিসুর