খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. মোস্তাফিজুর রহমান বাবলু (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার নগরীর ফুলবাড়িগেট সংলগ্ন জনতা সিনেমা হলের সামনে খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্কুলছাত্র বাবলু সকাল নয়টার দিকে বাইসাইকেলে ফুলবাড়ীগেট এলাকায় প্রাইভেট পড়তে যাচ্ছিল। সে জনতা সিনেমা হলের সামনে খুলনা-যশোর মহাসড়কে পৌঁছালে যশোর অভিমুখী একটি দ্রুতগামী ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১৪৩৭) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
নিহত মোস্তাফিজুর রহমান বাবলু স্থানীয় সোনালী জুটমিল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। তার পিতা মো. ফজলু সরদার ওই মিলের শ্রমিক।
নগরীর খানজাহান আলী থানার এসআই আবু হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এএম।
