আদালত অবমাননার দায়ে ভারতীয় ব্যবসায়ী বিজয় মালিয়া অভিযুক্ত

আপডেট : ০৯ মে ২০১৭, ১৪:৩০
ঋণ খেলাপি এবং অর্থ পাচারের বিভিন্ন মামলায় বিতর্কিত ব্যবসায়ী বিজয় মালিয়াকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেছে ভারতের সুপ্রিম কোর্ট। এর আগে, তাকে পাওনাদারদের চার হাজার কোটি টাকা ফিরিয়ে দেয়ার প্রস্তাব দেয় আদালত। কিন্তু তিনি তা অস্বীকার করেন।
 
আদেশে আগামী ১০ জুলাইয়ের মধ্যে তাকে ভারতের আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। যদিও বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন।
 
বিয়ার ব্যারন ও কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি রুপি ঋণ খেলাপের অভিযোগ রয়েছে। ভারতের বিভিন্ন ব্যাংক তার বিরুদ্ধে মামলা করেছে। কিংফিশার এয়ারলাইন্স ধসের পর ব্যাংকগুলো অর্থ ফেরত পাওয়ার চেষ্টা শুরু করলে গত বছর যুক্তরাজ্যে পালিয়ে যান মালিয়া। এরপর ভারত তাঁর পাসপোর্ট বাতিল করে। একপর্যায়ে ভারত সরকার যুক্তরাজ্য সরকারকে বিজয় মালিয়াকে আটক করে হস্তান্তরের আবেদন জানায়।
 
তারপরও মালিয়ার দিক থেকে কোনো ধরণের সাড়া না পাওয়ায়, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার নেতৃত্বে অন্যান্য ব্যাংকগুলোর আবেদনের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু