সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর ‘আত্মহত্যা’

আপডেট : ০৯ মে ২০১৭, ১৩:৪৩
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। ‘মাদকাসক্ত’ স্বামী মোশাররফ হোসেন (৪৫) স্ত্রী রেহেনা আক্তার মিতুকে (৩২) ‘হত্যা করে নিজেও আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
জানা যায়, সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকার শিকদার বাড়িতে গাড়ি চালক মোশাররফ হোসেন স্ত্রী সন্তান নিয়ে ভাড়ায় বসবাস করত। তিনি একজন মাদকাসক্ত। মাদকের টাকা নিয়ে স্ত্রীর সাথে প্রায়ই তার ঝগড়া হতো। কিছুদিন পূর্বে জমি বিক্রির পাওয়া চার লাখ টাকা শেষ হয়ে যাওয়ায় এ নিয়ে সোমবার রাতে স্ত্রীর সাথে স্বামীর ঝগড়া হয়। মঙ্গলবার ভোরে স্বামী ঘরে থাকা বটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনা তার সন্তানরা দেখে চিত্কার করলে আশপাশের লোকজন এসে মোশাররফকে ঘরের দরজা বন্ধ করে আটকে রাখে। এ সময় মোশাররফ নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে রায়হান ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মিতু আক্তার নামে তাদের ২ সন্তান রয়েছে।
 
এলাকাবাসীর অভিযোগ, মাদকের টাকা জোগাড় করা নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হতো। মূলত পারিবারিককলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ জানায়, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে খুনের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
ইত্তেফাক/এএম।