কোম্পানীগঞ্জে পুলিশের এসআই সাসপেন্ড

আপডেট : ০৯ মে ২০১৭, ১৬:১৭
 
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের এসআই আবু ইউছুপকে ঘুষ গ্রহণের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। সোমবার রাতে তাকে সাসপেন্ড করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।
 
জানা যায়, রবিবার দুপুরে উপজেলার চরপাবর্তী ইউনিয়নের কে.টি.এম হাটের মাদক ব্যবসায়ী মাহবুব এলাহী মাছুমকে আবু ইউছুপ মাদকসহ আটক করে থানায় নিয়ে যান। পরে ঘুষের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি স্থানীয় জনগণ মোবাইল ফোনে নোয়াখালী পুলিশ সুপারকে অবহিত করলে তিনি সহকারী পুলিশ সুপার নব জ্যোতি খীসাকে তদন্তে পাঠান। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আবু ইউছুপকে সাসপেন্ড করে নোয়াখালী পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।
 
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বীকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আবু ইউছুপকে সাসপেন্ড করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।
 
ইত্তেফাক/জামান