কুষ্টিয়ায় আইসিটি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় দুই সাংবাদিকের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। সাংবাদিকরা হলেন- কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচিত দপ্তর সম্পাদক বাংলাভিশন, বিডি নিউজ ২৪ ও বণিক বার্তার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসান আলী এবং স্থানীয় কুষ্টিয়া দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য আসলাম আলী।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়ায় ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. মেজবাউল হক এ আদেশ দেন।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ৩০ মার্চ দুপুরে কুষ্টিয়া মডেল থানা পুলিশের এসআই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে অফিসে কর্মরত অবস্থায় যমুনা টেলিভিশন ও দৈনিক মানবকণ্ঠের কুষ্টিয়া প্রতিনিধি মওদুদ রানা, বাংলা ভিশন-বণিক বার্তা ও বিডি নিউজ টয়েন্টি ফোর ডটকম’র কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী এবং কুষ্টিয়া স্থানীয় দৈনিক কুষ্টিয়া দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার আসলাম আলীকে থানায় আটক রাখে। পরবর্তীতে আটক ওই তিন গণমাধ্যমকর্মীকে পুলিশ ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিন সাংবাদিকের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা গ্রহণ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী গ্রেফতারকৃত এক চায়ের দোকানের কর্মচারী মিরাজুল ইসলাম মিরাজের স্বীকারোক্তি অনুযায়ী সাংবাদিকদের এই মামলার আসামি করা হয়।
জানা যায়, (Sultan Eslam) নামের একটি ফেসবুক আইডি থেকে এক ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়। উক্ত (Sultan Eslam) নামের আইডিডির বিষয়ে তদন্ত না করেই প্রমাণ ছাড়াই তিনজন গণমাধ্যম কর্মীকে স্পর্শকাতর এই মামলার আসামি করা হয়। এ মামলায় গত ১১ এপ্রিল হাইকোর্ট থেকে সাংবাদিক হাসান আলী ও আসলাম আলী চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন। জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে আদালতের বিজ্ঞ বিচারক মো. মেজবাউল হক জামিন না মঞ্জুর করে দুই সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইত্তেফাক/এমআই
