বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, বিশ্বায়নের যুগে শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য ডিজিটাল রিসোর্স ব্যবহার খুবই জরুরি।
আজ মঙ্গলবার টেইলর এন্ড ফ্র্যান্সিস গ্রুপের সহায়তায় ইউজিসি অডিটরিয়ামে ‘ডিজিটাল লাইব্রেরি ইউজার ট্রেইনিং’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ডিজিটাল লাইব্রেরি হচ্ছে স্থান, সময় এবং অর্থ সাশ্রয়ের উৎকৃষ্ট মাধ্যম। উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল লাইব্রেরির ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
প্রফেসর মান্নান বলেন, দেশের উচ্চশিক্ষাকে ডিজিটাইজেশনে অন্তর্ভুক্ত করে সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংযোগ স্থাপন ও জনবলের কর্মক্ষমতা বৃদ্ধি করতে ডিজিটাল লাইব্রেরি ব্যবহার বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হচ্ছে। বাসস।
