সিরাজগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তা ও নার্স নিহত: পরিচ্ছন্ন কর্মীর স্বীকারোক্তি

আপডেট : ০৯ মে ২০১৭, ১৮:৪৮
 
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সিনিয়র স্টাফ নার্সের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পরিচ্ছন্ন কর্মী লাকি খাতুন। মঙ্গলবার সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
 
মিরাজ উদ্দিন আহম্মেদ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানায়, ঘটনার পর থেকেই লাকী খাতুনকে সন্দেহ হওয়ায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া যায়। আরও তথ্য ও রহস্য উদঘাটনের জন্য আদালতের মাধ্যমে দুইদিনের রিমান্ডে সে জানায়, 'নিহত কর্মকর্তা তাকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিত কিন্তু সে প্রস্তাব প্রত্যাখ্যান করলে উক্ত কর্মকর্তা খারাপ ব্যবহার করতো। এরই জের ধরে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটায়। সে ছাড়াও তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনার সঙ্গে জড়িত আশরাফ নামের এক কথিত কবিরাজ এবং অপর এক ব্যক্তিকে আটক করা হয়।'
 
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল দুপুরে হাসপাতালে দুপুরের খাবার খেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, সিনিয়র স্টাফ নার্স ও প্রধান সহকারী অসুস্থ হয়। তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তির পর ডা. মনিরুজ্জামান, সিনিয়র স্টাফ নার্স জোবাইদা মারা যান। ঘটনায় হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরএমও ডা. ইকবাল বাদী হয়ে ২৭ এপ্রিল কাজিপুর থানায় মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/জামান