সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ব্যক্তিগতভাবে ক্ষমতার অত্যন্ত কাছাকাছি থাকলেও তিনি কখনই ক্ষমতার ব্যবহার অথবা অপব্যবহার কোনটিই করেননি। এটিই ছিল তাঁর (ওয়াজেদ মিয়া) জীবনের বিরল ও গুরুত্বপূর্ণ একটি দিক।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি কনফারেন্স হলে প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী একথা বলেন।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এই আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়া বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়া ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন।
