পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে অকাল বন্যায় হাওরাঞ্চলে বোরো ফসল নষ্ট হওয়ায় চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৫০ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানি করা হবে। এজন্য গত সোমবার আন্তর্জাতিক দরপত্র আহবান করা হয়েছে। আগামী ২১ মের মধ্যে খাদ্য অধিদপ্তরে চাল আমদানিতে আগ্রহী দরদাতাদের প্রস্তাব জমা দিতে হবে।
খাদ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের খাদ্যশস্যের মজুদ ৩ লাখ টনে নেমে আসায় চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছর এপ্রিলে সাড়ে ৭ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ ছিল।
সম্প্রতি চালকল মিল মালিকদের সাথে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, হাওরে অকাল বন্যায় ও ব্লাস্ট রোগে এবার ১৫ লাখ টন ধান নষ্ট হয়েছে। যা চালের হিসেবে ১০ থেকে ১২ লাখ টন। তবে বেসরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এবারের বন্যায় ফসলহানির পরিমাণ ২২ লাখ টন।
ইত্তেফাক/ইউবি
