মিনিবাস কেড়ে নিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আফরিদার প্রাণ

আপডেট : ১০ মে ২০১৭, ০০:৪৮

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী আফরিদা আহমেদ (২০) নিহত হয়েছেন। গত সোমবার বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরিদা বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা বেনজির আহমেদ ঐ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য।

জানা গেছে, গত সোমবার দুপুরে আফরিদা বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেটকারে গুলশানের বাড়ি ফিরছিলেন। তার গাড়ি উত্তরা দিয়ে ঘুরে আসতে গেলে সেখানে পেছন থেকে একটি মিনিবাস গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়ির মধ্যে তিনি গুরুতর আহত হন। পরে তাকে বসুন্ধরায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল মঙ্গলবার বাদ আসর গুলশান-২ আজাদ মসজিদে আফরিদার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে আফরিদাকে দাফন করা হয়। জানাজায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ছাড়াও এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আফরিদা জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। যুক্তরাষ্ট্রে গ্র্যাজুয়েশন করার জন্য সম্প্রতি তিনি প্রস্তুতি নিচ্ছিলেন।

ইত্তেফাক/নূহু