বরিশালে বিআরটিসি’র ডিপো ম্যানেজারের বিরুদ্ধে দুর্নীতি মামলা

আপডেট : ১০ মে ২০১৭, ০৮:১৬
অর্থ আত্মসাত ও জালিয়াতির অভিযোগে বিআরটিসি’র বরিশাল ডিপো ম্যানেজারসহ দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার বরিশালের জেষ্ঠ্য বিশেষ জজ আদালতে ওই মামলা করেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ব্যবসায়ী বেলায়েত হোসেন মেম্বর।
 
জেষ্ঠ্য বিশেষ জজ মো. আনোয়ারুল হক মামলা আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বিবাদীরা হলেন- ডিপো ম্যানেজার মো. কামরুজ্জামান ও এটিও (ভারপ্রাপ্ত) ফরহাদ হোসেন। 
 
মামলা সূত্রে জানা গেছে, বরিশাল-আমুয়া এবং ভোলা-যশোর রুটে বিআরটিসির চারটি বাস মামলার বাদী বাৎসরিক তিন লাখ টাকায় ইজারা নিয়ে পরিচালনা করছেন। প্রতিদিন সরকারের রাজস্ব তহবিলে জমা বাবদ আরও এক হাজার টাকা করে দাবি করে ম্যানেজার ও এটিও। বাড়তি টাকা না দেওয়ায় গত ২৫ মার্চ বরিশাল ডিপোতে বাদীর সাথে তাদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে এটিও বাদীকে মারধর করে ডিপো থেকে বের করে দেয়। এছাড়াও চারটি গাড়ি ইজারার তিন লাখ টাকা ফেরত দিতেও অস্বীকার করে ম্যানেজার ও এটিও। পাশাপাশি তাকে পুরনো মালামালসহ চুরির মামলায় পুলিশে দেয়ার হুমকি দেয়। 
 
টাকা আত্মসাতের বিষয় অস্বীকার করে বিআরটিসি’র বরিশাল ডিপোর ম্যানেজার মো. কামরুজ্জামান বলেন, মামলা করার কথা আমি জানি না। তবে কিছুদিন পূর্বে আমি তার বিরুদ্ধে আদালতে মামলা করেছি। 
 
ইত্তেফাক/পাভেল