বলিউডে আমির মানেরই নতুন রূপ, নতুন গল্প, নতুন বিনোদন। মুক্তির অপেক্ষায় তার নতুন ছবি ‘থাগস অব হিন্দুস্তান’। এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ এর ঝড় তোলা সফলতা দেখে এবার এক পা পেছালেন আমির।
ঘটনা হলো এই মুহূর্তে ‘থাগস অব হিন্দুস্তান’র শুটিং, প্রিমিয়ার নিয়ে আরো সময় নিতে চান নায়ক আমির। আমির খান এবং প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের স্বত্বাধিকারী আদিত্য চোপড়া এমন সিদ্ধান্তটি নিয়েছেন বলে ভারতীয় মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে।
‘থাগস অব হিন্দুস্তান’র সবকিছু কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়েছে। খবরে বলা হয়েছে, ‘থাগস অব হিন্দুস্তান’ একটি যুদ্ধকে ঘিরে যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। ছবিতে সাগরে সংঘটিত বেশকিছু যুদ্ধের দৃশ্য থাকবে। কাহিনীটি স্বাধীনতা-পূর্ব সময়কার হওয়ায় প্রচুর তলোয়ার যুদ্ধ থাকবে।
দক্ষিণী ছবি হিসেবে ‘বাহুবলী টু’ যে মানদণ্ড তৈরি করেছে তার সঙ্গে প্রতিযোগিতায় নামতে আগ্রহী বলিউডের নির্মাতারা। এ বিষয়টি মাথায় রেখেই যশরাজ ফিল্মস ও আমির ‘থাগস অব হিন্দুস্তান’র কাজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছেন।
আমিরের পাশাপাশি ‘থাগস অব হিন্দুস্তান’এ অভিনয় করবেন অমিতাভ বচ্চন ও ‘দঙ্গল’ খ্যাত ফাতিমা সানা শেখ। বিজয় কৃষ্ণ আচার্যের পরিচালনায় আগামী ১ জুন থেকে ছবিটির শুটিং শুরুর কথা ছিল। প্রত্যাশা ছিল ২০১৮ সালের দিওয়ালিতে মুক্তি দেওয়া হবে এটি। তবে নতুন খবরে যা বলা হচ্ছে, তাতে হয়তো আরো অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, ভারতীয় বলিউডের সমস্ত ইতিহাস ভেঙে হাজার কোটি রুপি আয়ের রেকর্ড করেছে বাহুবলী টু। বলিউড হাঙ্গামা।
ইত্তেফাক/আনিসুর
