বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসা. হাসি বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। বুধবার (১০মে) রাত পৌনে ২টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের কুপদোন থেকে তাকে আটক করা হয়। আটক নারীর স্বামী একই গ্রামের মো. মোস্তফা মিয়া।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, কালমেঘা ইউনিয়নের কুপদোন গ্রামের নিজ বাড়িতে ইয়াবাসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এস.আই) মো. সোলায়মানসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ঘরে সংরক্ষিত থাকা ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসি বেগম নামে এক গৃহবধূকে আটক করলেও ঘরে থাকা বাকিরা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এ নারী মাদক চক্রের মূল হোতা বলে ধারণা করা হচ্ছে। বহুদিন ধরে পাথরঘাটাসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করছে। আটক নারীর বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
