কোটচাঁদপুরে ধর্ষণের দায়ে ছাত্রলীগ সভাপতিসহ তিনজন গ্রেফতার

আপডেট : ১০ মে ২০১৭, ১৬:৫২
 
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিনসহ তার দুই সঙ্গীকে ধর্ষণের দায়ে গ্রেফতার করা হয়েছে। শাহিন কোটচাঁদপুর ট্রেন স্টেশন-পাড়ার ফজলুর রহমানের ছেলে। গ্রেফতারকৃত অন্য দুই ধর্ষক হচ্ছে ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি ও ট্রেন স্টেশন পাড়ার শ্রীকান্তের ছেলে কৃষ্ণ কুমার ও একই পাড়ার ভিক্ষুক হারেজ আলীর ছেলে রাজু আহম্মেদ।
 
এদের মধ্যে কৃষ্ণ ও রাজু কোটচাঁদপুর পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম জিরের বর্ডিগার্ড বলে পুলিশ জানায়।
 
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে প্রকাশ গত সোমবার কালীগঞ্জ উপজেলার দুই মেয়ে কোটচাঁদপুরে বেড়াতে আসে। রাতে তারা ট্রেনের জন্য প্লাটফর্মে অপেক্ষা করছিলো। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিনের নেতৃত্বে তিন ধর্ষক তাদের উঠিয়ে প্রথমে বিহারীপাড়ার বেবি নামে এক মহিলার বাড়িতে নিয়ে যায়। বেবি জায়গা না দিলে মেয়ে দুইটিকে কলেজের পেছনের কলোনীতে নিয়ে সারা রাত ধরে পাশবিক নির্যাতন চালায়।
 
বিষয়টি জানা জানি হয়ে পড়লে কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার ও ইমরান নামে এক দারোগা ষাট হাজার টাকায় রফা করে বলে প্রচার হয়। ধর্ষণের ঘটনাটি ব্যাপক ভাবে জানাজানি হয়ে পড়লে পুলিশ তাদের গ্রেফতার করতে বাধ্য হয়।
 
এ বিষয়ে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, আমি ট্রেনিংয়ে ঢাকায় আছি। তবে এ ধরণের ঘটনা ঘটে থাকলে কোন আপোষ নয়।
 
ইত্তেফাক/আনিসুর