গ্লোবাল মোবাইল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে আইসিটি ডিভিশন

আপডেট : ১০ মে ২০১৭, ১৯:০২
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২০১৭ সালের ‘গ্লোবাল মোবাইল গভর্নমেন্ট (এমগভ) অ্যাওয়ার্ড পেয়েছে। মঙ্গলবার যুক্তরাজ্যের ব্রাইটনে অনুষ্ঠিত তিন দিনব্যাপি ‘মোবাইল গভর্নমেন্ট ওয়ার্ল্ড সামিট-২০১৭’র শেষ দিন মঙ্গলবার এই অ্যাওয়ার্ড বাংলাদেশের হাতে তুলে দেয়া হয়।
 
বিশ্বব্যাপী মোবাইল ফোনভিত্তিক প্রযুক্তির অগ্রগতি এবং এর উন্নয়ন সম্পর্কিত জ্ঞানের আদান-প্রদানকে উৎসাহিত করতে প্রতিবছর প্রদান করা হয়। মোবাইলের মাধ্যমে নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে বড় ধরণের ইনোভেশনগুলোকে উৎসাহিত করার পাশাপাশি মোবাইলের মাধ্যমে নাগরিক সেবা প্রদানের জন্য নির্মিত সর্বশেষ প্রযুক্তির সমন্বয়, জনকল্যাণে মোবাইল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি এবং বিশ্বের বিভিন্ন দেশের গভর্নমেন্ট বডি, ব্যবসায়ী এবং জনগণকে মোবাইল সেবা ও প্রযুক্তির ব্যাপারে উৎসাহ প্রদান করার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করে বিশ্বখ্যাত এম৪লইফ ডট ওআরজি। 
 
অ্যাওয়ার্ড গ্রহণের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বক্তৃতায় বলেন, ‘তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে এমন দেশ কমই আছে’ যারা নাগরিক সেবা প্রদানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে। অন্যদিকে বাংলাদেশ সরকার তাদের ‘২০২১’ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে অনেক আগে থেকেই বিভিন্ন সেক্টরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু করে দিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের অর্জন নজর কাড়ার মত উল্লেখ করে তিনি বলেন, ‘হলফ করে বলা যায়, ডিজিটাল বাংলাদেশ এখন শুধু একটা টার্গেট নয়, এটা পুরো বাংলাদেশের ভিশন’। 
 
পুরস্কার প্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার প্রতিক্রিয়ায় বলেন,  এই পুরস্কার বিজয়ের সকল কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, আইসিটি খাত সংশ্লিষ্ট স্ট্যাকহোল্ডার এবং দেশের জনগণকে উৎসর্গ করে বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের এম-গভার্নেন্স যাত্রা একদিন বিশ্বে অনন্য নজির স্থাপন করবে।”
 
বাংলাদেশের এ পুরস্কার প্রাপ্তিতে এমগভ ইউকের প্রতিষ্ঠাতা পরিচালক ইব্রাহিম কুশচু বলেন, ‘বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সরকারি সেবার ডিজিটাইজেশনের মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় মোবাইল ভিত্তিক প্রযুক্তির নানা সুবিধা পৌঁছে দেয়ার যাত্রা শুরু করেছে। এর অংশ হিসেবে তারা ব্যাপকভাবে প্রকল্প হাতে নিয়েছে এবং এসব প্রকল্প বাস্তবায়নের অভিনবত্ব এবং সফলতা এই অ্যাওয়ার্ড প্রদানের ক্ষেত্রে জুরি বোর্ড বিবেচনা করেছে। একই সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে খুব কম সময়ে প্রকল্প সংশ্লিষ্টদের মধ্যে মোবাইল প্রযুক্তির সুবিধা নিয়ে তারা সচেতনতা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।’
 
 ‘জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি’ এই কর্মসূচির জন্য বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে প্রথম পুরস্কারের জন্য নির্বাচন করেছে এমগভ অ্যাওয়ার্ড কমিটি। ই-গভর্নমেন্টের ভবিষ্যৎ পরিক্রমায় এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে সুদুরপ্রসারী ভূমিকা রাখবে। এ বছর সারা বিশে^র একশ’রও বেশি মোবাইল ভিত্তিক উদ্যোগ মনোনয়নের জমা পড়ে এবং বিচারকদের নির্বাচিত চূড়ান্ত প্রতিযোগিতায় ১৫ টি দেশের বিভিন্ন উদ্যোগকে পেছনে ফেলে বাংলাদেশ বিজয়ী হয়। এই পুরষ্কারের জন্য প্রতিযোগী অন্যান্য দেশের মধ্যে ছিল দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেপাল, রাশিয়া, তুরস্ক, চিলি, কলাম্বিয়া, স্লোভাকিয়া, ভারত, ও দুবাই। 
 
ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল কাওনাইন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।