নির্বাচনে বিএনপিকে অংশ নিতেই হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১০ মে ২০১৭, ২১:০৯
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে অংশ গ্রহণ ছাড়া বিএনপি’র সামনে অন্য কোন বিকল্প পথ খোলা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নিতেই হবে। 
 
তিনি বলেন, ‘পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি নির্বাচন ছাড়াও রাজনৈতিক দল বাঁচতে পারে না। তাই বিএনপির সামনে নির্বাচনে অংশ নেয়া ছাড়া বিকল্প কিছুই নেই।’ মোহাম্মদ নাসিম বুধবার সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবটি হাট মাঠে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
 
বাগবাটি এলাকার তিন রাজনৈতিক কর্মী কাজল মেম্বর, ফেরদৌস মাষ্টার ও মোখলেসুর রহমানের মৃত্যুতে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ এই স্মরণ সভার আয়োজন করে। মো: নাসিম বলেন, সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না। আমরা কোনোভাবেই সংবিধান লঙ্ঘন করতে পারি না। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করবেন। নিবন্ধিত সব রাজনৈতিক দল ওই নির্বাচনে অংশ নিবে।
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদুর সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য,শহর আওয়ামী লীগের সভাপতি হাজী ইসহাক আলী, রায়গঞ্জ পৌর সভার মেয়র আব্দুল্লাহ আল পাঠান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময়ে মোহাম্মদ নাসিম সামগ্রিক উন্নয়ন ও দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ পরিচালনার জন্য আবারও সুযোগ দিতে দেশের জনগণের প্রতি আহবান জানান।
 
ইত্তেফাক/সাব্বির