কক্সবাজার চকরিয়ায় যাত্রীবাহী সৌদিয়া বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী ও চার পথচারী।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার এবং বাসটি জব্দ করেছে। তবে ওইসময় বাসের চালক-হেলপার পালিয়ে গেছে। আহতদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের বড়হাতিয়া গ্রামের হাজী আবদুল আলীমের ছেলে কুতুব উদ্দিন (২৮) ও একই এলাকার মোহাম্মদ ইসহাকের ছেলে আবদুর রহিম (২২)।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হেলাল উদ্দিন বলেন, 'কক্সবাজার থেকে চট্টগ্রাম ফিরছিলেন সৌদিয়া পরিবহনের একটি বাস। পথিমধ্যে লালব্রিজ এলাকায় পৌঁছুলে বিপরীত দিক আসা মোটরসাইকেল আরোহী তিন যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই যুবক নিহত ও অপর যুবক আহত হন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল হাশেম মজুমদার বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চালক হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/জামান
