জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বর্তমান সরকারের রাজনীতি উন্নয়নের রাজনীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে এবং এ কাজ অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এ উন্নয়নের ধারা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি গতকাল রাতে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ার ধাওয়া ইউনিয়নের ফুলতলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, স্বাধীনতা পরবর্তী কালের রাজনীতির সাথে পরাধীন আমলের রাজনীতির মৌলিক পার্থক্য রয়েছে। এ অবস্থা উপলব্ধি করে আমাদের সবাইকে এক থাকতে হবে, সমাজে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে। মানুষের ভাগ্য পরিবর্তনে এর কোনো বিকল্প নেই। গত ৩০ বছর আমি সব সময় সবাইকে এক থাকার কথা বলে এসেছি। ঐক্যবদ্ধ জাতিকে আল্লাহও পছন্দ করেন।
ধাওয়া ইউনিয়নের ফুলতলায় সোবহানআল্লাহ চত্বরের উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ও উপজেলা জেপি’র সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, ভাণ্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনা আক্তার সুমী, জেপি’র কেন্দ্রীয় সহ-সম্পাদক এনামুল ইসলাম রুবেল, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইকড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির প্রমুখ।
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সোবহানআল্লাহ চত্বরের উদ্বোধন এবং দোয়া ও মোনাজাত করেন।
জেপি’র নেতার মায়ের কবর জিয়ারত
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা মো. আবদুল হালিম জানান, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেপির ঝালকাঠি জেলা সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেলের মা ফিরোজা রহমানের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামের মুনসিরাবাদে মুক্তিযোদ্ধা ভবনের পাশে পারিবারিক কবরস্থানে জেপি নেতার মায়ের কবর জিয়ারত ও ফাতেহা পাঠের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, জেপি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জেপি ঝালকাঠির জেলা সভাপতি অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম রুবেল, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম উজ্জল, কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম, ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার, কাঠালিয়া উপজেলা জেপির আহ্বায়ক মো. এনায়েত হোসেন খসরু, কাঠালিয়া ইউনিয়ন জেপি যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান মধু, আওয়ামী লীগ নেতা এইচএম আল-মামুন, এইচ এম এলেন, জেপি ও তাদের অঙ্গ সংগঠনের কাঠালিয়া ও ভাণ্ডারিয়া উপজেলা নেতাকর্মীসহ স্থানীয় লোকজন ও মুসুল্লিরা।
গত ১৯ মে বীর মুক্তিযোদ্ধা আ. রহমানের স্ত্রী ও জেপি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জেপি ঝালকাঠির জেলা সভাপতি অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম রুবেলের মা ফিরোজা রহমান ইন্তেকাল করেন।
ইত্তেফাক/নূহু
