আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সামগ্রিক উন্নয়ন ও দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ পরিচালনায় আরো ১০ বছর সময় দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি করেন মানুষের কল্যাণ ও দুঃখী মানুষের সেবার জন্য। উন্নয়নের কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করার জন্য নয়। গতকাল বুধবার বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে এলাকার তিন রাজনৈতিক কর্মী কাজল মেম্বার, ফেরদৌস মাস্টার ও মোখলেসুর রহমানের মৃত্যুতে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বাগবটি হাট মাঠে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, শহর আওয়ামী লীগের সভাপতি হাজী ইসহাক আলী, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ তারিন, মহিলা আওয়ামী লীগের জান্নাত আরা হেনরী তালুকদার, রায়গঞ্জ পৌর সভার মেয়র আব্দুল্লাহ আল পাঠান, গোলাম রব্বানী, শহীদুল আলম, মোহাম্মদ আলী জিন্নাহ ও মঞ্জুর মোর্শেদ সজলসহ স্থানীয় নেতৃবৃন্দ। মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে এ স্মরণসভা জনসভায় রূপ নেয়।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী কাজীপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক শ পরিবারের মধ্যে প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা ও দুই বান্ডিল করে ঢেউটিন প্রদান করেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু নূর মোঃ শামসুজ্জামান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার ও উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামসহ দলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। পরে তিনি কাজীপুরের সীমান্তবাজার এলাকায় নির্মাণাধীন আইএইচটির নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিঃ জেনাঃ এম এ মোহী, নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান ও জাকির হোসেন।
স্মরণসভায় বিএনপি’র সামনে নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই উল্লেখ করে মোহাম্মদ নাসিম আরো বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে। পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি নির্বাচন ছাড়াও রাজনৈতিক দল বাঁচতে পারে না। আর সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন হবে না।
ইত্তেফাক/নূহু
