ভারতে পিকআপ ভ্যান উল্টে ১১ জনের মৃত্যু

আপডেট : ১১ মে ২০১৭, ১৪:৪০
ভারতের মধ্যপ্রদেশে বৃহস্পতিবার একটি পিকআপ ভ্যান উল্টে কমপক্ষে ১১ জন নিহত ও আরো ১৫ জন আহত হয়েছে। ভ্যানটি মোড় নেয়ার সময় উল্টে একটি গিরিখাতে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
 
মধ্যপ্রদেশের রাজধানী ভূপালের প্রায় ৩শ’ ১০ কিলোমিটার পূর্বে জবালপুরের চরগাওয়ানের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 
চরগাওয়ানের পুলিশ কর্মকর্তা রাজেন্দ্র বাগড়ি টেলিফোনে বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘আজ ভোরে এখানে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১১ জন নিহত ও আরো ১৫ জন আহত হয়েছে। ভ্যানটি রাস্তা থেকে ছিটকে একটি গিরিখাতে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।’
 
আহতদের কাছের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাগড়ি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশগুলো নেয়া হয়েছে। পরে এগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
কর্মকর্তারা জানান, বন বিভাগের এ ভ্যানে করে শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু