আওয়ামী লীগ নেতাকে হত্যা: দুই সহোদরসহ ৩ জনকে যাবজ্জীবন

আপডেট : ১১ মে ২০১৭, ১৬:৪৭
 
সিরাজগঞ্জে এনায়েতপুর থানার রুপসী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী হত্যা মামলায় দুই সহোদরসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাফরোল হাসান। আজ বৃহস্পতিবার দুপুরে এ দণ্ডাদেশ দেয়া হয়।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের উপজেলার এনায়েতপুর থানার রুপসী গ্রামের শাহেদ আলী ভূইয়ার দুই ছেলে মো. বাবু (৩৫) ও ওসমান আলী (৪০) এবং একই গ্রামের আতাব উদ্দিনের ছেলে সামসাদ আলী (৩৮)।
 
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান মামলার নথি সুত্রে জানান, এনায়েতপুর থানার রুপসী গ্রামে আব্দুর রশিদের ছেলে শাহজাহান আলীর সঙ্গে আসামিদের পূর্ব শক্রতার বিরোধ চলে আসছিলো। 
 
এরই জের ধরে ২০১০ সালের ২ ফেব্রুয়ারি শাহজাহান আলী বাড়ি থেকে বের হয়ে ব্যক্তিগত প্রয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে অ্যাডভোকেট আব্দুল খালেকের কাছে যায়। কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে রাত ৮টায় তিনি কৈজুরী গোপালপুর ভাঙ্গা বাঁধের কাছে পৌঁছলে আসামিরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। 
 
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। 
 
এ ঘটনায় নিহতের ছোট ভাই শাহ-আলম ভূইয়া বাদী হয়ে ১১ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কংকন বিশ্বাস। দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আসামিদের উপস্থিতে আদালত আজ এ রায় প্রদান করে।
 
ইত্তেফাক/কেকে