জঙ্গি আস্তানা সন্দেহে শিবগঞ্জে তিনটি বাড়ি ঘেরাও

আপডেট : ১১ মে ২০১৭, ১৭:৫৯
জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে তিনটি বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 
 
বৃহস্পতিবার ভোর থেকে বাড়িগুলো ঘিরে সকাল ৭টার দিকে তল্লাশি অভিযান শুরু করা হয়। 
 
এর আগে কানসাট রাঘবপুর থেকে আজিজুর রহমান ও বিলবাড়ি এলাকা থেকে বাবু নামে দু’জনকে আটক করে পুলিশ। কিন্তু তাদের আটকের বিষয়টি গণমাধ্যমদের জানানো হয়নি। 
 
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ভোর ৩টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাঘবপুর গ্রামের মৃত নেশ মোহাম্মদের ছেলে বৈদ্যুতির মিস্ত্রি আজিজুর রহমানকে আটক করে নিয়ে যায়। পরে তার স্বীকারোক্তি অনুয়ায়ী বিলবাড়ি গ্রামের এসলামের ছেলে জুয়েলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জুয়েলের ভাই বাবুকে আটক করে পুলিশ। অভিযানের আগেই বাড়ির লোকজন সটকে পড়ে। সকালে বাড়িটির মাটি খুড়লেও তেমন কিছু পাওয়া যায়নি।
 
পরবর্তীতে আজিজুর রহমান ও শিবনারায়ণপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। বর্তমানে বাড়িগুলো ঘিরে রেখেছে পুলিশ।
 
অভিযানের বিষয়ে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
 
পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, অভিযান শেষ হলে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
 
ইত্তেফাক/ইউবি