পঞ্চগড়ে জাল নোটসহ যুবক আটক

আপডেট : ১১ মে ২০১৭, ১৮:২০
 
পঞ্চগড়ে অভিযান চালিয়ে ১১ লাখ টাকার জাল নোটসহ আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যব-১৩। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পুকুরীডাঙ্গা বাজারের মুসলিম মার্কেটের আদর্শ ডিজিটাল স্টুডিও থেকে তাকে আটক করে নীলফামারি র‌্যাব-১৩। 
 
এ সময় জাল টাকা তৈরির সরঞ্জাম, একটি কম্পিউটার ও একটি প্রিন্টার জব্দ করা হয়। আটককৃত যুবক ওই ইউনিয়নের আমবাড়ি গ্রামের রমজান আলীর ছেলে। আটকের পর তাকে নীলফামারি র‌্যাব-১৩ ক্যাম্পে নিয়ে যায় র‌্যাব সদস্যরা।
 
র‌্যাব ও স্থানীয় সূত্র জানায়, পুকুরীডাঙ্গা বাজারের আদর্শ ডিজিটাল স্টুডিও থেকে ওই এলাকার সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন থেকে জাল টাকা তৈরি এবং দেশের বিভিন্ন এলাকায় তা পাচার করে আসছিল। দীর্ঘদিন পর হলেও জাল টাকা তৈরির স্থান চিহ্নিত করে সরঞ্জামসহ ওই যুবককে আটক করে র‌্যাব। এসময় আদর্শ ডিজিটাল স্টুডিও থেকে ১১ লাখ টাকার সমমান এক হাজার একশটি জাল নোট উদ্ধার করা হয়। র‌্যাবের অভিযানে একজন ধরা পড়লেও এর সঙ্গে কয়েকজন জড়িত আছে বলে দাবি স্থানীয়দের।
 
নীলফামারি র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহিনুর কবির জানায়, পুকুরীডাঙ্গা বাজারে স্টুডিও ব্যবসার আড়ালে একটি চক্র দীর্ঘদিন ধরেই জালনোট তৈরি এবং পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছে ১১ লাখ টাকার বেশি ১ হাজার টাকার জাল নোটসহ জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। 
 
আটককৃতকে আপাতত নীলফামারি র‌্যাব-১৩ ক্যাম্পে নেওয়া হবে। পরে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/কেকে