খালেদা জিয়ার ভিশন-২০৩০ ফাঁকা বুলি : তথ্যমন্ত্রী

আপডেট : ১১ মে ২০১৭, ১৯:২০
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি  চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন-২০৩০ প্রস্তাব ফাঁকা বুলি ছাড়া আর কিছুই না। এই প্রস্তাব দেওয়ার আগে তাদের শাসন আমলের অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিৎ ছিল। 
 
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তরে ‘খালেদা জিয়ার ভিশন ২০৩০’ এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধের কথা বলার আগে বেগম জিয়ার দুই পুত্রের প্রমাণিত দুর্নীতির বিষয়ে ব্যাখ্যা দেয়া উচিত ছিল। তার সময়ে হাওয়া ভবনে যে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে দুর্নীতিকে একটি শিল্প হিসেবে গড়ে তোলা হয়েছিল, দলবাজি-দুর্নীতিবাজি-পরিবারবাজি প্রতিষ্ঠা করা হয়েছিল, আগে তার কৈফিয়ত প্রয়োজন।
 
তিনি বলেন, ‘সুনির্দিষ্ট প্রস্তাব ছাড়া নিরপেক্ষ সহায়ক সরকারের ফাঁকা বুলি আওড়ানো ষড়যন্ত্রের শামিল।’
 
তিনি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ‘বড় কথা’ বলার আগে নিজ শাসনামলে হত্যা-দুর্নীতিসহ সকল দুষ্কর্মের কৈফিয়ত দিতে ও জাতির কাছে মাফ চাইতে বলেন।
 
ইত্তেফাক/ইউবি