স্বাস্থ্য খাতে ব্যায় ও দূর্নীতি কমিয়ে আনতে হবে: গোলটেবিলে বক্তারা

আপডেট : ১১ মে ২০১৭, ২২:২১

জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি, শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা ও জবাবদিহিতা নিশ্চিতিকরণকে সামনে রেখে জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার সকাল ১০টায় গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএইচএফবিডি)এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা সঞ্চালনায় ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) দক্ষিন-পূর্ব এশিয়ার সাবেক আঞ্চলিক উপদেষ্টা প্রফেসর ডা. মোজাহেরুল হক। আলোচনায় মূল প্রবন্ধ উপাস্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের যুগ্ম প্রধান (পরিকল্পনা) ডা. আ. এ. মোহিউদ্দিন ওসমানী।

মোহিউদ্দিন ওসমানী তার প্রবন্ধে স্বাস্থ্য বাজেট সম্পর্কিত নানারকম তথ্য ঊপাত্ত তুলে  ধরেন। তিনি বলেন, স্বাস্থ্য অন্যতম গুরুত্বপূর্ণ মানবাধিকার এবং স্বীকৃত মানব উন্নয়নের সূচক। স্বাস্থ্যের উন্নয়ন শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধিই নয়; মানুষের জীবনের গুণগত মান ও সামাজিক প্রগতির ভিত্তিস্বরূপ। ধনী-গরীব সকলের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই রাষ্ট্রের দ্বায়িত্ব। এজন্য স্বাস্থ্যখাতে বাজেট বাড়ানোর তাগিদ দেয়ার পাশাপাশি এর সঠিক ব্যবহার ও ব্যবস্থাপনার উপর জোর দেন।

আলোচনায় অংশ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সাবেক সচিব এ এন এম নাসির উদ্দিন, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন (নিপসম)এর প্রফেসর ডা. বে-নাজির আহমেদ, দৈনিক মানবকন্ঠ প্রত্রিকার প্রকাশক জাকারিয়া চেীধুরী, আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা দি ইউনিনের টেকনিক্যাল এডভাইজার এ্যাড. সৈয়দ মাহবুবুল আলম তাহিন। পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ডাঃ সমীর কুমার সাহা।

আলোচনায় সভাপতিত্ব করেন, পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারপারসন প্রফেসর ডাঃ ফাতেমা আশরাফ। স্বাগত বক্তব্য রাখেন পিএইচএফবিডির প্রাক্তন সিউও প্রফেসর ডাঃ শারমিন ইয়াসমিন।

ইত্তেফাক/নূহু