ধুনটে অগ্নিসংযোগে গরুর মৃত্যু, গ্রেফতার ১

আপডেট : ১২ মে ২০১৭, ১১:৪৭
 
বগুড়ার ধুনট উপজেলায় প্রতিপক্ষের অগ্নিসংযোগে বাড়িঘর পুড়ে দুইটি গরুর মৃত্যু হয়েছে। গৃহকর্তা দগ্ধ মামলায় কুড়ান শেখ (৭৫) নামে এক দিনমজুরকে গ্রেফতার করেছে পুলিশ। কুড়ান সেখ উপজেলার গজিয়াবাড়ি গ্রামের পর্বত আলীর ছেলে। শুক্রবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। 
 
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাজিয়াবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মোলাম শেখ প্রতিবেশী কুড়ান শেখের ছেলে আশরাফুল ইসলামের নিকট থেকে ৭শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে সেই জমির ওপর বাড়িঘর করে প্রায় পাঁচ মাস ধরে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন মোলাম শেখ। কিন্ত ছেলে নিকট থেকে জমি কেনার বিষয়টি কুড়ান শেখকে জানানো হয়নি। এতে মোলাম শেখের প্রতি ক্ষুদ্ধ হন কুড়ান শেখ। 
 
এ অবস্থায় বুধবার রাত ১২টার দিকে মোলাম শেখের গোয়ালঘরে কে বা কারা অগ্নিসংযোগ করেন। মহুর্তের মধ্যে একটি ঘর, একটি শ্যালো মেশিন পুড়ে ছাই হয়। 
 
এছাড়া অগ্নিকাণ্ডে দুইটি গরু পুড়ে মারা গেছে। এতে গৃহকর্তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নিভানোর চেষ্টার সময় দগ্ধ হয়েছেন গৃহকর্তা মোলাম শেখ। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
এদিকে, বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে ওই রাতেই কুড়ান শেখকে আটক করে থানায় সোপার্দ করেন স্থানীয় লোকজন। এ ঘটনায় মোলাম শেখ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কুড়ার শেখসহ চারজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
 
থানা হাজতে আটক কুড়ান শেখ বলেন, মোলাম শেখের সঙ্গে জমিজমা নিয়ে আমার পূর্ব থেকে বিরোধ রয়েছে।তবে, মোলামের বাড়ি কিভাবে পুড়ে গেছে আমার জানা নেই। তারপরও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে থানায় সোপার্দ করেছে।
 
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন কুমার কুন্ড বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। তারপরও ঘটনাটি অধিকতর তদন্ত সাপেক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
 
ইত্তেফাক/কেকে